আফ্রিকায় লাসা জ্বরে শতাধিক মানুষের মৃত্যু

পশ্চিম আফ্রিকায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়া লাসা জ্বরে নাইজেরিয়ায় এ পর্যন্ত অন্তত ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।  গত আগস্ট থেকে এই হিসেব করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
 
নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনসিডিসি) এর পরিসংখ্যানে বলা হয়, এ পর্যন্ত নাইজেরিয়ার ১৯টি রাজ্যে লাসা জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রতিবেশী বেনিনে লাসা জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
তবে লাসা ভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে তারা। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতিবছর পশ্চিম আফ্রিকায় ১ লাখ থেকে ৩ লাখ মানুষ লাসা জ্বরে আক্রান্ত হয়ে থাকে। এরমধ্যে অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়।
 
১৯৬৯ সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় লাসা শহরে শনাক্ত হয় ভাইরাসটি। পরে শহরটির নাম অনুসারে ভাইরাসটির নামকরণ করা হয়। ইঁদুরের প্রস্রাব-পায়খানার সঙ্গে খাবার কিংবা ঘরের জিনিসপত্র দূষিত হলে এর সংস্পর্শে আসার পর সংক্রমণ হতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির দেহ থেকে বের হওয়া রস বা ফ্লুইডের সংস্পর্শে আসলেও ভাইরাসটি ছড়াতে পারে। ৮০ ভাগ ক্ষেত্রেই লাসা জ্বরের উপসর্গ বোঝা যায় না। শনাক্ত করতে দেরি হলে শরীরের ভেতরেও রক্তক্ষরণ হতে পারে।