চীনের তিয়াজিনে কেমিক্যাল কারখানা বিস্ফোরণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২৩ জনকে দায়ী করেছে কর্তৃপক্ষ। গত আগস্টে হওয়া এই বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিল।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, অবৈধ কেমিক্যাল সংরক্ষণ ও অদক্ষতার কারণে এই বিস্ফোরণ হয়। এজন্য ৫ জন মন্ত্রী পদ মর্যাদার কর্মকর্তা সহ ১২৩ জন দায়ী করে তদন্ত প্রতিবেদন করা হয়েছে।
সে ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন। বিস্ফোরণে তিন শতাধিক দালান ক্ষতিগ্রস্ত হয় এবং সহস্রাধিক মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়।
শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রুইহাই ইন্টারন্যাশনাল লজিস্টিকের মালিক কর্তৃপক্ষ অবৈধ বিস্ফোরকদ্রব্য সংরক্ষণ করছিল। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্বপালনে ব্যর্থ হয়েছে বলেও জানায় তারা।
দেশটির মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।