যুক্তরাজ্যে ডেটিং অ্যাপের মাধ্যমে সাক্ষাতের সময়ে ধর্ষণের সংখ্যা পাঁচ বছরে ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থার পরিসংখ্যানের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।
২০১৪ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে সাক্ষাতের সময়ে ধর্ষণের সংখ্যা ছিল ১৮৪। এর পাঁচ বছর আগে ২০০৯ সালে এই অভিযোগের সংখ্যা ছিল মাত্র ৩৩। স্মার্টফোন ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভার্চুয়াল সম্পর্ক গড়ে ওঠার অধিক প্রবণতার কারণে এই ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় ধর্ষণের শিকার ৮৫ শতাংশই নারী। আর এর মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী নারী ৪২ শতাংশ। ৪০ থেকে ৪৯ বছর বয়সী ২৪ শতাংশ নারী রয়েছেন এই তালিকায়। শুধু তাই নয় এজেন্সিটি মনে করছে আরো অনেক ঘটনা হয়তো সামাজিক সম্ভ্রমহানির ভয়ে কেউ প্রকাশই করেনি।
প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করেন। সংস্থাটির গুরুতর অপরাধ বিষয়ক সেকশনের শন সাটন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে যারা ধর্ষণের শিকার হতে পারে এমন ব্যক্তিদের সচেতন করা যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিবিসি।