গত জানুয়ারির ২৫ তারিখ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাটের বাংলাদেশে এক বছর পূর্তি হয়েছে । দূতাবাসের ফেসবুক পেজে বাংলাদেশে কাটানো এক বছরের বিভিন্ন বিষয়ে রবিবার ২ টা ৩০ থেকে ৩টা ৩০ পর্যন্ত সরাসরি দূতাবাসের পেজের ফলোয়ারদের সঙ্গে চ্যাট করবেন তিনি।
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে বলা হয়, জানুয়ারির ২৫ তারিখ রাষ্ট্রদূত বার্নিক্যাটের বাংলাদেশে এক বছর পূর্তি হল। এই বছরটা তার কেমন কাটলো, কোথায় তিনি সফর করেছেন এবং এখানে তার সবচেয়ে প্রিয় মুহূর্ত ছিল কোনটি? এই বিষয়ে আজ ২টা ৩০ থেকে ৩ টা ৩০ পর্যন্ত ফেসবুক চ্যাটে যোগ দিন তার সঙ্গে। রাষ্ট্রদূত, তৈরি পোশাক খাতে সাসটেইনেবল কমপ্যাক্ট ইমপ্লেমেন্টেশনের বিষয়ে হওয়া সাম্প্রতিক বৈঠকের বিষয়েও কথা বলবেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, রাষ্ট্রদূত বার্নিক্যাটের উদ্যোগে গত বিজয় দিবসে দূতাবাসের বিদেশি ও দেশি কর্মচারী-কর্মকর্তারা কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনপরিসরে এই উদ্যোগ অনেক প্রশংসা কুড়িয়ে ছিল।