লিবিয়া থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে খাল খনন করছে তিউনিসিয়া। ইতিমধ্যে ২০০ কিলোমিটার দীর্ঘ এই সন্ত্রাসবিরোধী খালের প্রথম অংশের কাজ শেষ করেছে তিউনিসিয়া।
তিউনিসিয়ার সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় ৩৮ জন নিহত হওয়ার পর এই ব্যাবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। হামলাকারী লিবিয়ায় প্রশিক্ষণ নিয়েছিলেন বলেও তখন দাবি করে তিউনিসিয়া সরকার।
তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের দ্বিতীয় কাজে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। এ কাজে কারিগরি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাড়ি নিয়ে সীমান্ত পারাপার বন্ধ করতে নেয়া এই ব্যবস্থার সুফল পেতে শুরু করেছে তিউনিসিয়া। এর ফলে ইতিমধ্যে চোরাচালান হ্রাস পেয়েছে।
ধারনা করা হয়, তিউনিসিয়া থেকে অন্তত তিন হাজার মানুষ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছেন। এদের মধ্যে অনেকেই আবার লিবিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করছেন। সূত্র: বিবিসি