বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে আন্দোলন শুরু করে ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে। সরকার জোর করে ক্ষমতায় থাকায়দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশ এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়।
রবিবার সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে জেলা-মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সবচেয়ে ভরসার স্থল বিচারবিভাগ থেকেও মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। চারদিকে জুলুম নির্যাতনে মানুষ আক্রান্ত। কেননা সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়।
ফখরুল বলেন, প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতির বাসভবনে যান, তখন আইনের শাসন লঙ্ঘিত হয়। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয়।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক শাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, জেলা বিএনপির সদস্য তাহসীনা রুশদীর লোনা, কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম প্রমুখ।
এর আগে কঠোর নিরাপত্তায় জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু। এই অধিবেশনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দিচ্ছেন ১৩২ কাউন্সিলর।