১১৫ বছর পুরোনো পাথরের ব্রিজ মেরামত করতে আগামী তিন বছরের মধ্যে সাময়িক ভাবে বন্ধ করা হতে পারে নায়াগ্রা জলপ্রপাত। এমনটাই প্রস্তাব দিয়েছে নিউইয়র্ক স্টেট পার্ক সিস্টেম।
১৯০০ থেকে ১৯০১ সালের মধ্যে নির্মিত সেতু মেরামতে নায়াগ্রা জলপ্রপাতের পানির দিক পরিবর্তন করার চেষ্টা করবে তারা। যদি প্রস্তাবনা পাশ হয়ে যায় নিশ্চিতভাবেই তা পর্যটকদের জন্য হতাশার খবর হবে। প্রতিবছর এক কোটি বিশ লাখ পর্যটক এই স্থান পরিদর্শনে আসেন।
এর আগে ১৯৬৯ সালে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা পানির গতিপথ পরিবর্তন করেন। এবার পাথরের সেতু মেরামতসহ পুরো প্রক্রিয়ায় ব্যয় হবে ৩৭ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার।
প্রস্তাবিত তিন প্রক্রিয়ার দুটিই পানিপ্রবাহ বন্ধের পক্ষে। চলতি বছর আগস্ট এবং ডিসেম্বরেই পাঁচমাসের জন্য পানির গতিপথ পরিবর্তন করা হবে। সব মিলে দুই বছর লাগবে পুরো প্রক্রিয়া শেষ হতে।
তবে এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয় এবং ফান্ডের ব্যবস্থাও হয়নি বলে জানিয়েছেন পার্কের এক মুখপাত্র।