চা দোকানির মৃত্যু: মামলার তদন্তভার ডিবিতে

 
রাজধানীতে ‘পুলিশের দেয়া আগুনে’ দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় তার মেয়ের করা মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো.মারুফ হোসেন সরদার বলেন, সোমবার মামলাটির তদন্তের দায়িত্ব নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
 
এর আগে বুধবার রাতের এ ঘটনায় দগ্ধ বাবুল মাতুব্বর পরদিন সকালে মারা গেলে ব্যাপক সমালোচনার মধ্যে শাহ আলী থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
বাবুলের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করেছিল। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়। বাবুল যখন আগুনে পুড়ছিলেন তখন পাশেই দাঁড়িয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য।
 

ঘটনার পর পুলিশ অগ্নিদগ্ধ বাবুলকে হাসপাতালের বদলে থানায় নিয়েছিল বলে অভিযোগ করে তার পরিবারের সদস্যরা। থানা থেকে পরে পরিবারের সদস্যরাই দগ্ধ বাবুলকে হাসপাতালে নিয়ে যান।