বইমেলায় স্টলের জায়গা পরিবর্তন, ২১ প্রকাশনীকে চিঠি

 
স্টলের জায়গা পরিবর্তন করায় একুশে বইমেলার ২১ প্রকাশনা সংস্থাকে চিঠি দিয়েছে বাংলা একাডেমি। সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান।
 
তিনি বলেন, ‘মেলার নিয়মনীতি পরোয়া না করে স্টল বসানোয় তাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেয়া হয়েছে। এদের বেশিরভাগই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের পিছনের অংশে ছিল। তারা আমাদের কাছে স্টলের মুখ পরিবর্তনের নাম করে স্থান পরিবর্তন করেছে। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
 
প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ না করলেও প্রয়োজনে এগুলোকে ‘কালো তালিকাভুক্ত’ করা হবে বলে জানান শামসুজ্জামান খান। বইমেলায় স্টলের স্থান পরিবর্তন নিয়ে অভিযোগের ওঠার পর এই সংবাদ সম্মেলনে আসেন একাডেমি পরিচালক।
 
শামসুজ্জামান জানান, স্থান পরিবর্তন করেও রমনা কালী মন্দির গেট বন্ধ থাকায় এখন তারা ওই গেইট খুলে দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি প্রকাশনী। শিগগির নকল বইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।