বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: দুদকের প্রতিবেদন দাখিলের নির্দেশ

 
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগে ৫৬টি মামলা দায়েরের পূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছিল তার প্রতিবেদন আগামী সাতদিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
একই সঙ্গে ঐ ব্যাংকের বোর্ড সভায় যেসব ঋণ অনুমোদন দেয়া হয়েছে তার সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বেসিক ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
একই সঙ্গে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক যে তদন্ত করেছে ঐ তদন্ত প্রতিবেদনও আদালতে দাখিল করতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন ৫৬টি মামলা দায়ের করে। এসব মামলায় ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে বাদ দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। ঋণ কেলেঙ্কারির সঙ্গে থাকার পরও বাচ্চুকে আসমি না করা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে গত বছরের নভেম্বরে জনস্বার্থে রিট দায়ের করেন হারুনুর রশীদ নামের এক ব্যক্তি। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিল।
 
রুলে বাচ্চুকে কেন আসামি করা হয়নি তা জানাতে দুদককে দর্শানো নির্দেশ দেয়া হয়। আজ ঐ রুলের শুনানিকালে হাইকোর্ট দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের বক্তব্য গ্রহণ করে। শুনানি শেষে দুদকের তদন্ত প্রতিবেদন, বেসিক ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত ও বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।