মেলায় উমর ফারুকের ‘যে রাতের দিন হয় না’

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে লেখক ও সাংবাদিক এম.উমর ফারুকের উপন্যাস ‘যে রাতের দিন হয় না’। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী মেঘলা। এক অশুভ ঝড়ে তার জীবনের সোনালী ভবিষ্যত অন্ধকারে পরিণত হয়। লেখাপড়ার মাঝপথে ছাড়তে হয় বিশ্ববিদ্যালয়কে। মেঘলা হয় যৌনপল্লীর বাসিন্দা। কেটে যায় দিন সপ্তাহ মাস বছর। অন্ধকার জীবন থেকে বেরিয়ে আলোর সন্ধান করে।

কিন্তু যে ডালে ভর করে সেই ডাল ও ভেঙ্গে যায়। বয়সের ভারে মেঘলার ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। মরণ ব্যধির সঙ্গে কিছু সময় পার করে চলে যায় অন্ধকারের শেষ ঠিকানায়। শরীর শিউরে ওঠার মত ঘটনা নিয়ে সাজানো বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে দেশ পাবলিকেশন্সের  ৪০৭ ও ৪০৮ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির দাম ১২০ টাকা।
বই সম্পর্কে জানতে চাইলে লেখক এম.উমর ফারুক বলেন, এ উপন্যাসের গল্পটি একেবারেই ভিন্নধাচের। সমাজের ঘটে যাওয়া ঘটনা স্থান পেয়েছে বইটিতে। পুরো গল্পটি পাঠকের মন কাড়বে।