'টেকসই উন্নয়নে বায়োটেকনোলজি' সম্মেলনে প্রথম পুরস্কার শাবির

 
'টেকসই উন্নয়নের জন্য বায়োটেকনোলজি' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া বায়োটেকনোলজি সম্মেলনে প্রথম পুরস্কার অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের গবেষণা পেপার। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও তাঁর গবেষণা দলের 'Production of Microbial Lipids by Lipomyces starkeyi Using Residual Biomass of Agro-industrial and Municipal Solid Wastes for Biodiesel Synthesis' শীর্ষক গবেষণা সারপত্র ভিত্তিক পোস্টারটি প্রথম পুরষ্কার লাভ করে। গবেষণা দলের অন্যান্য সদস্যরা হলেন ড. কামরুল ইসলাম, মো. সাখাওয়াত হোসাইন, মো. মহসিন রানা, আতিয়া ফেরদৌস ও মোঃ আশরাফুল জাহান প্রমুখ।
 
দুইদিনব্যাপী এ সম্মেলনে খাদ্য, স্বাস্থ্য, কৃষি, শিল্প এবং পরিবেশগত জৈবপ্রযুক্তি বিজ্ঞানের দেশ-বিদেশের প্রথম সারির গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
এর আগে গত ২৮ ডিসেম্বর ২০১৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস কর্তৃক আয়োজিত 'Microbes for Benefit of the Society' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক পোস্টার প্রেসেন্টেশনে অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং তার গবেষণা দলের 'Multidrug Resistance Phenotypes and Efflux Mechanism of Escherichia coli Isolates Causing Urinary Tract Infections' শীর্ষক গবেষণা পোস্টার প্রথম পুরষ্কার অর্জন করে।
 
এ ছাড়া ২০১৫ সালের ৯-১০ জানুয়ারি  গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস কর্তৃক আয়োজিত 'Inteational Conference of Biotechnology in Health and Agriculture' শীর্ষক আরেকটি আন্তর্জাতিক সম্মেলনেও শাবির জিইবি বিভাগের এই অধ্যাপকের গবেষণা দল 'Production of Microbial lipids for Biodiesel Synthesis and Industrially Important Enzymes from Organic Municipal Solid Wastes'  শিরোনামের পোস্টার প্রেজেন্টেশনে প্রথম পুরষ্কার অর্জন করে। এই নিয়ে টানা ৩ বার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কালাম আযাদ ও তাঁর নেতৃত্বে থাকা গবেষণা দল।
 
অর্জন সর্ম্পকে জানতে চাইলে অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, এই পুরস্কার আমার একার নয়। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গৌরব। তিনি বলেন, বিশ্বমানের গবেষণা পরিচালনার জন্য শাবিপ্রবির জিইবি বিভাগ নিরলস কাজ করছে । গবেষণার মাধ্যমে নতুন নতুন টেকসই প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত গবেষণা অনুদান অত্যাবশ্যক।