বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেছেন, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে স্বাধীনতাকে অপমান করেছেন খালেদা জিয়া। এখন তিনি শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে শহীদদেরও অপমান করলেন।
মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতিকার উদ্দিন মাসুদ, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে পৌর আওয়ামী লীগের সভাপতি পদে কামরুল হাসান ভূইয়া ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম জুয়েলকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।