বনবিভাগের জমি দখলকারিদের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

গাজীপুরে বনবিভাগের জমি অবৈধভাবে দখল করে যারা শিল্প/রিসোর্ট গড়ে তুলেছেন তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের (পরিবেশ ও বন) কাছে জানতে চেয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেণ্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
 
ড. হাছান মাহমুদ বলেন, গাজীপুরে বনবিভাগের জমি দুভাবে দখল হয়েছে। একভাগে আছে গৃহহীনরা। এরা নিরুপায় হয়ে বনবিভাগের জমি ব্যবহার করছে। তাই মানবিকতার কথা বিবেচনায় রেখে এদেরকে উচ্ছেদ না করে সামাজিক বনায়নের আওতায় আনার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। আর দ্বিতীয়ভাগে আছে প্রভাবশালীমহল, যারা জমি দখল করে শিল্প/রিসোর্ট নির্মাণ করেছে। তাদের তালিকা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে।
 
ব্রিফিংয়ে হাছান মাহমুদ আরো জানান, রাবার উৎপাদনকারী অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে। এছাড়া সম্প্রতি বন বিভাগ ও বন গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ সংক্রান্ত তথ্যাদি পরবর্তী সভায় সংসদীয় কমিটির নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে।
 
কমিটির এ নিয়মিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।