খুলনায় ঘের ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনায় ঘের ব্যবসায়ী আশরাফ আলী মোড়ল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ডুমুরিয়া উপজেলার লোহাইডাঙ্গা গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিউটন বিশ্বাস ও কমলপুর গ্রামের আকুব আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির গাজী। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করার হয়েছে। রায় প্রদানকালে পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ নভেম্বর বিকাল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের আশরাফ আলী মোড়ল ঘেরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর চারদিন পর স্থানীয় সালতা নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন ৫ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় হত্যা মামলার দায়ের করেন।