‘চুরির অপবাদ’ দিয়ে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রাজধানীর মালিবাগ মোড়ে অবস্থিত ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’র কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
উত্তর শাহজাহানপুরের বাসিন্দা ড. মো. আবু রেজোয়ান থানায় লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী সুমাইয়া আক্তার (বয়স ৩৫) গত ৭ ফেব্রুয়ারি সকাল সোয়া নয়টার দিকে শান্তিনগরের ‘আগোরা’ ডিপার্টমেন্টাল স্টোর থেকে দুটি ভ্যানিলা অ্যাসেন্স কিনেন। এরপর তিনি মালিবাগ মোড়ের ‘স্বপ্ন’-তে যান। তবে আগোরা’র টাকার রশীদ তিনি মনের ভুলে পথে ফেলে দেন। পরে স্বপ্নের লোকজন তার সঙ্গে থাকা ভ্যানিলা অ্যাসেন্স তাদের দোকান থেকে চুরির অভিযোগে সুমাইয়াকে আটক করে। গোপন কক্ষে নিয়ে তল্লাশির নামে পুরুষ কর্মচারীরা তাকে শারীরিক, মানসিক ও যৌন হয়রানি করেন। তবে এ সময় সন্দেহের পক্ষে তারা কোনো ভিডিও ফুটেজও দেখাতে পারেননি। এছাড়া স্বপ্নের কর্মচারী নাজমুল হুদা পরবর্তীতে সুমাইয়ার মোবাইলে ফোন করে অবৈধ প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন ড. রেজোয়ান।
এই ঘটনায় রেজোয়ান শাহজাহানপুর থানায় স্বপ্নের কর্মচারী নাজমুল হুদা, আলী নুর রহমান, অনিক সাহা, মাকসুদা আক্তার ও আকলিমা আক্তারকে অভিযুক্ত করে শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন শাহজাহানপুর থানার এসআই অলিউর রহমান।
ড. রেজোয়ান ইত্তেফাককে জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে তল্লাশির নামে তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। তার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। মামলা তুলে নিতে স্বপ্ন কর্তৃপক্ষ নানাভাবে তাকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সুমাইয়ার স্বামী।