৫০ শিক্ষার্থীকে ইর্ন্টানশিপ করাবে মাইক্রোসফট

প্রথমবারের মত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রাথমিকভাবে চলতি বছরের মার্চ ও এপ্রিলে বিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসন এই দুই বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবে। একই সংখ্যক শিক্ষার্থী এই দুইমাসে মাইক্রোসফট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পাবে। রবিবার বিকেলে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোসফট আগামী মে মাস থেকে প্রতিমাসে ২৫ জন আগ্রহী শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেবে সেই সাথে ২৫ জনকে তারা ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করবে। এই সুযোগ গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের (youngbangla.org/en/microsoft-inte) লিংকে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

সিআরআই কর্তৃক পরিচালিত, তরুণদের জন্য দেশের বৃহত্তম মঞ্চ ‘ইয়াং বাংলা’, ইন্টার্নশিপের জন্য তাদের বিদ্যমান প্রচারণার অংশ হিসেবে ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া ইতোমধ্যেই ইয়াং বাংলা তিনটি ভিন্ন মন্ত্রণালয়ে মেধাবী শিক্ষার্থীদের ইন্টার্নশিপের কার্যক্রম শুরু করেছে, সেগুলো হলো: পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশন।