শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরা হলেন সবচেয়ে বেশি সম্মানীয়। তাদের সম্মান করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য অচিরেই দূর করা হবে।
মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ অর্থের জোগান আসে সাধারণ জনগণ থেকে। আর যেসব জনগণ এ অর্থ দেন, তাদের সন্তানদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না। এ অর্থের মধ্যে ভিক্ষুকদের অর্থও আছে। সুতরাং একজন শিক্ষার্থীর অবশ্যই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সমাজে শিক্ষকরাই বেশি সম্মানীয়। আর এ জন্য তাদের যে বেতন-ভাতার প্রয়োজন আছে, তা নির্ধারণ করেই বেতন দিতে হবে। এটা নিয়ে মন্ত্রিসভায় অনেক সময় নষ্ট হয়েছে। ব্যাপারটিকে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। আর বেশি সময় লাগবে না। অচিরেই একটা সুন্দর সমাধান হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. ইসমত কাদির। এ ছাড়া কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, ছাত্রবিষয়ক পরিচালক মো. এনামূল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।