নিউহ্যাম্পশায়ারে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে জিতেছেন ভারমন্টের বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স।
নিউহ্যাম্পশায়ারের এই দুই প্রার্থীর জয় চমক হিসেবেই এসেছে। রিপাবলিকান প্রার্থী নির্বাচনের বিভিন্ন জরিপে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প প্রচলিত অর্থে রাজনীতিবিদ নন, বরং ব্যবসায়ী। বিভিন্ন সময় বিতর্কিত ও আলপটকা মন্তব্য করে স্বয়ং রিপাবলিকান কাছেই সমালোচিত হয়েছেন তিনি। এদিকে বার্নি স্যান্ডার্স নিজেকে প্রকাশ্যভাবে বামপন্থী হিসেবে পরিচয় দেন যা পুজিতান্ত্রিক এই দেশটির রাজনীতিতে রীতিমতো ‘নিষিদ্ধ’।
সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিউহ্যাম্পশায়ারে রিপাবলিকান সমর্থকদের মোট ভোটের ৩৪ শতাংশ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় স্থানে থাকা জন কাশিখ পেয়েছেন তার অর্ধেকেরও কম, ১৬.৩ শতাংশ। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্স মোট ভোটের ৫৯.৫ শতাংশ পেয়েছেন। আর হিলারি পেয়েছেন ৩৮.৬ শতাংশ ভোট।
আইওয়ার পরে দ্বিতীয় অঙ্গরাজ্যে প্রাথমিক মনোনয়নের ভোট অনুষ্ঠিত হল। আইওয়াতে রিপাবলিকান প্রার্থী হিসেবে জিতেছিলেন টেড ক্রুজ, আর ডেমোক্র্যাটদের হয়ে জিতেছিলেন হিলারি। তিনি বার্নি স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন, তবে একটি বক্তব্যে বলেছেন নির্বাচনী প্রচারণার প্রত্যেকটি পর্যায়ে তিনি লড়াই করবেন।
রিপাবলিকান দলে দ্বিতীয় হয়েছেন জন কাশিখ এবং তৃতীয় স্থানের জন্য লড়াই করছেন জেব বুশ ও টেড ক্রুজ। নিউহ্যাম্পশায়ারের পরে সাউথ ক্যারোলাইনা ও নেভাদায় প্রাথমিক মনোনয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসি ও নিউইয়র্ক টাইমস।