ভক্তের কাছে ক্ষমা চাইবেন গোবিন্দ

সাত বছর আগে এক ভক্তকে চড় মেরেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই ভক্তের কাছে আবারও নিঃশর্তে ক্ষমা চাইবেন বলিউড তারকা গোবিন্দ।
 
বুধবার ভারতের মুম্বাইতে এক সাংবাদিক সম্মেলনে গোবিন্দ বলেন, ‘ওই ভক্তের কাছে ক্ষমা চেয়েছি। আবারও চাইব। মামলা চালাতে তার যা খরচ হয়েছে, ক্ষতিপূরণ বাবদ সেটাও দেব।’
 
২০০৮ সালে মুম্বাইয়ের এক স্টুডিও’তে সন্তোষ রাই নামে এক ভক্তকে চড় মেরেছিলেন গোবিন্দ। ঘটনার এক বছর পরে গোবিন্দের বিরুদ্ধে মামলা করেছিলেন সন্তোষ। প্রমাণ না থাকায় হাইকোর্টে তা খারিজ হওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ভক্ত। গত নভেম্বরে শীর্ষ আদালত গোবিন্দকে সন্তোষের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলে।
 
তারপরও গোবিন্দ তার মক্কেলের সঙ্গে দেখা করেননি বলে শীর্ষ আদালতকে জানান সন্তোষের আইনজীবী। এতে বুধবার গোবিন্দের আইনজীবীরা আদালতকে জানান, তার মক্কেল সন্তোষের কাছে ক্ষমা চাইতে এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি। গোবিন্দকে দু’সপ্তাহের মধ্যে বিষয়টি মিটিয়ে নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।