একবার চার্জে সাত দিন চলবে স্মার্টফোন

স্মার্টফোন এখন শুধু কথা বলার মাধ্যম নয়, তার চেয়েও বেশি কিছু। নানা কাজে ব্যবহার করা হয় ডিভাইসটিকে। তবে ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে চার্জ ফুরায় বলে ঝামেলাতেও পড়তে হয় ব্যবহারকারীদের। দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে চাইলেও অনেক কাজ করা যায় না। এই ঝামেলা থেকে বাঁচাতে নতুন এক প্রযুক্তি আনতে কাজ করছে ব্রিটিশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলিজেন্ট এনার্জি হোল্ডিং।
 
অভিনব এই প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেনের শক্তিকে কাজে লাগিয়ে স্মার্টফোনে চার্জ দেয়া যাবে। আর একবার চার্জ দিলে সাত দিন সচল থাকবে স্মার্টফোন।
 
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম বলছে, নতুন এই প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেনকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। তার ফলে বাই প্রোডাক্ট হিসেবে জলীয় বাষ্পই কেবল বের হবে। এতে শুধু যে মোবাইলের ব্যাটারি চার্জ করা যাবে তাই-ই নয়, একই সঙ্গে পাওয়ার জেনারেটর হিসেবেও ওই সেল কাজ করবে।
 
তবে এখনই ওই প্রযুক্তি বাজারে আসছে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও বছর দুয়েক।