স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন হবে এবং হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. আব্দুর রহিম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার বিপিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খাঁন, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম সোলাইমান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অপরাধ করলেও তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধে নয়। পরে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।
এ ছাড়া মন্ত্রী আক্কেলপুর উপজেলায় ৩৩ শতাংশ জায়গার উপরে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের উদ্বোধন শেষে আক্কেলপুর উপজেলা সদরে মুজিবর রহমান ডিগি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।