খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

খুলনায় স্ত্রী হত্যায় স্বামী ওয়াসিম সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 
 
বুধবার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় নিহত গৃহবধূ বিথীর শাশুড়ি সালেহা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
 
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালে খুলনা মহানগরীর খালিশপুর বাতিপাড়া এলাকার বাসিন্দা মো. জালাল উদ্দিন হাওলাদারের মেয়ে বিথী বেগমের সঙ্গে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের পশ্চিমপাড়ার নান্নু সরদারের ছেলে ওয়াসিম সরদারের  বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় ওয়াসিম যৌতুকের দাবিতে স্ত্রী বিথীর ওপর নির্যাতন করত। ২০১৩ সালের ২ মার্চ ওয়াসিম ও তার মা সালেহা বেগম বিথীকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে তারা বিথীকে এ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তিলছড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত বিথীর মা আসমা পারভীন বেগম বিথীর স্বামী ওয়াসিম সরদার ও শাশুড়ি সালেহা বেগমের নামে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।