বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সভায় দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সভা চলাকালে দুপুর পৌনে একটার দিকে মিলনায়তনের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পরে দুটি পক্ষ। এরই মধ্যে মিলনায়তনের বাইরে থেকে আরো একটি গ্রুপ ভেতরে প্রবেশ করলে পুরো অনুষ্ঠান জুড়ে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় প্রতিবাদ সভায় আসা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। অনুষ্ঠানের মাইকে বারবার শান্ত হওয়ার কথা বললেও হাতাহাতি চলতে থাকে। প্রায় ১৫ মিনিট কখনো ভেতরে, কখনো বাইরে এই পরিস্থিতি চলার পর আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বাকবিতন্ডার জের ধরে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। মীমাংসা হয়ে গেছে।
বক্তব্য দিতে এসে আবদুল্লাহ আল নোমানও হাতাহাতির বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আজকের সমাবেশের শেষের দিকে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। নেতাকর্মীরা না বুঝে অহেতুক হট্টগোলের সৃষ্টি করেছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তর্কাতর্কির মধ্যেই সীমাবদ্ধ ছিল। খেয়াল রাখতে হবে আমরা দলের সমাবেশে আসছি, কিছু দায়িত্ব আছে। এখানে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তিনি বলেন, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে না পারলে এবং ঐক্য না থাকলে সরকার বিরোধী আন্দোলন পদে পদে ব্যাহত হবে।