আইসিইউতে মৃত শিশু রেখে অর্থ আদায়

রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত শিশুকে জীবিত বলে ভর্তি রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ছয়জনকে আটক এবং ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
আটককৃতরা হলেন— মো. নজরুল ইসলাম (৩৯), ডা. শরিফুজ্জামান (২৯), মো. কাওসার (৫২), মোছা. লিজা (২৫), মনতেশ মণ্ডল (৩৮), সমুন মণ্ডল (২৮)। এ অভিযোগে বুধবারে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালিয়ে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
 
মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গত মঙ্গলবার ১ বছর ৪ মাসের একটি শিশু হাসপাতালের আইসিইউতে মারা যায়। কিন্তু শিশুটিকে জীবিত দেখিয়ে ভর্তি রেখে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।’
 
তিনি জানান, ‘অভিযান চালানোর সময় দেখি বাচ্চাটি গত মঙ্গলবার থেকেই ক্লিনিক্যালি ডেড। তাদের ফাইল পত্রেও বাচ্চাটি মৃত উল্লেখ থাকলেও পরিবারকে বাচ্চাটি জীবিত বলে জানানো হয়।’
 

র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘অভিযান চালানো সময় অনভিজ্ঞ ডাক্তার দিয়ে শিশু রোগের চিকিত্সা করা, মেডিকেল বোর্ড গঠনের কোনো ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট না থাকা, মেডিকেল টেকনোলজিস্টের কোনো সার্টিফিকেট না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়।’