বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গাজীপুর যাচ্ছেন।
গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আয়োজিত জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।
সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, তিন লাখ অঙ্গীভূত আনসার ও ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্য রয়েছে। এই তিন লাখ অঙ্গীভূত আনসার থেকে ৪৫ হাজার আনসার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। বাকিরা সরকারি প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কাজ করে থাকেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাজানো হয়েছে প্যারেড গ্রাউন্ডসহ ডিসপ্লে বোর্ড। কুচকাওয়াজে আগত অতিথিদের আসন সংরক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।