উপন্যাসিক পিয়াল খন্দকারের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম উপন্যাস ‘প্রেম তুমি তোমাকে’ পাঠকনন্দিত হয়। প্রথম বইয়ের মধ্য দিয়েই তরুণদের মধ্যে অর্জন করেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। মেলায় বেস্ট সেলার হয়ে ওঠে তার উপন্যাস। নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় এই উপন্যাসিক হঠাৎ করেই একসময় নিজেকে গুটিয়ে নেন।
সেই গুটিয়ে নেয়া হয়তো ছিল প্রজাপতির মতো রঙিন হয়ে ওঠার প্রস্তুতি। ১৯৯২ সালে প্রথম উপন্যাস প্রকাশের পর নববইয়ের দশক জুড়ে একে একে প্রকাশিত হয়েছে তার সাতটি উপন্যাস। সেই উপন্যাসগুলোকেই এবারের মেলায় দুই মলাটের মধ্যে ধরে রাখার উদ্যোগ নিয়েছে পার্ল পাবলিকেশন্স। দুই মলাটের মধ্যে একত্রে স্থান পাওয়া পিয়াল খন্দকারের উপন্যাসগুলো হলো- ‘প্রেম তুমি তোমাকে’, ‘ভালবাসার তিন রং’, ‘ফিরে এসো হৃদয়ে আমার’, ‘শুধু তোমাকেই ভালবাসি’, ‘যে আছে মম গভীর প্রাণে’, ‘ধন্যবাদ হে ভালবাসা’ এবং ‘শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই’।
নিজের সাতটি উপন্যাস একত্রে প্রকাশ প্রসঙ্গে পিয়াল খন্দকার বলেন, ‘আমার লেখালেখি শুরুটা হঠাৎ করেই। হতে চেয়েছিলাম ফুটবলার। কিন্তু কখন যে লেখার টেবিল আমাকে আপন করে নিয়েছে টেরও পাইনি। মাঝখানে পেরিয়ে গেছে লেখালেখির প্রায় দুইযুগ। মাঝে কিছুদিন লেখার টেবিল থেকে দূরে থাকলেও, প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতি থেকেই আজ প্রায় দুই যুগ পর আমার উপন্যাস সমগ্র বের হলো।’
পিয়াল খন্দকারের ‘সাতটি উপন্যাস’ পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার পার্ল পাবলিকেশন্স-এর ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬ নম্বর স্টলে।