ইয়ূথফেস্ট আয়োজনের ঘোষণা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের

দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ‘বাংলাদেশ ইয়ূথফেস্ট ২০১৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে।
 
প্রতিযোগিতামূলক এই যুব উৎসবের প্রতিপাদ্য হলো ‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’। রাজধানীর সোনারগাঁও হোটেলের মেঘনা হলে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যুব উৎসব আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহযোগিতায় উৎসবটির আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ূয়া যুবাদের উৎসাহ দিতেই বিবিএফ-ডিসিসিআই এ উদ্যোগ নেয়। দেশের সাতটি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবেন।
 
সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ, এডিসন গ্রুপের এজিএম জাহেদুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এম মাহবুব রহমান, বিবিএফের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং সজীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  হাসিব-বিন-সজীব উপস্থিত ছিলেন।
 
সাতটি বিভাগ যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইয়ূথফেস্ট-২০১৬। উৎসবে প্রত্যেক বিভাগের কর্মসূচিতেই আঞ্চলিক প্রতিযোগিতা, সিরিজ বক্তৃতা, নলেজ সেশন বা জ্ঞানের অধিবেশন এবং সেরা বিজনেস ও ডেভেলপমেন্ট প্র্যাকটিসের শোকেস ইত্যাদি থাকবে।
 
আঞ্চলিক রাউন্ডগুলোতে সিরিজ বক্তৃতা ও নলেজ সেশনগুলোর মধ্য থেকে দুটিকে বিশেষভাবে হাইলাইট করা হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সংযোগ ঘটবে। ফলে তারা বিশেষজ্ঞদের সামনে নিজেদের অন্তর্দৃষ্টির চিন্তাশীলতা প্রকাশের সুযোগ পারবে। এছাড়া উৎসবের সাকসেসফুল বিজনেস স্টোরি বা সফল ব্যবসায়িক গল্প এবং ক্রিয়েটিভ ক্যাম্পেইনগুলো ব্যাপকভাবে তুলে ধরা হবে, যাতে তা অধিকতর জনসম্পৃক্ত হয়ে ওঠে।
 
এই উৎসবে আঞ্চলিক উন্নয়নের রুপকল্প তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ধারণা ও সামাজিক ইস্যুগুলো সমাধানের উপায় সম্পর্কে জানতে চাওয়া হবে।
 
যেসব বৃহত্তর বিষয়ে প্রতিযোগিতা হবে:
সামাজিক সমস্যাসমূহের সমাধান, প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোগ, আগামী ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হতে পারে, কী কী অর্থনীতির চালিকাশক্তি হবে সেগুলো চিহ্নিত করে লিখিত পূর্বাভাস উপস্থাপন ও নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ।