‘আমি সব ড্যান্সারদের নিয়ে প্র্যাকটিস করছিলাম। আয়োজক স্বপন চৌধুরীসহ বেশ ক’জন আমার কাছেও এসেছিলেন। তাদের সাথেই আলাপ চলছিল। হঠাত্ করেই খবর এলো যে আয়োজকদের ডিএমপি অফিসে ডাকা হয়েছে। আমি নিজেও এখন জানি না কি হতে চলেছে! কারণ আমার নিজেরও অনেক বিজি শিডিউল থেকে ১২ তারিখের শো-এর ব্যাপারে আমি সময় দিয়েছিলাম। এখন কিছুই বুঝে উঠতে পারছি না। আশা করছি একটা সুষ্ঠু সমাধান হবে।’- ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য অনন্ত-কারিনার ক্লিন ঢাকা কনসার্টের আপডেট জানতে ফোন করলে ইত্তেফাক অনলাইনকে একথা-ই বললেন চিত্রনায়ক অনন্ত।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা’ কনসার্টটি স্থগিত হয়েছে, যে অনুষ্ঠানে বলিউড তারকা কারিনা কাপুরের আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ‘শুক্রবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।’
কনসার্টটির আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি গত কয়েকদিন ধরেই আয়োজকেরা মিডিয়ার সাথে অসদাচরণ করছেন বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় আয়োজকদের কারোরই কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্টে অনন্ত-কারিনার সঙ্গে ভারত থেকে কণ্ঠশিল্পী কানিকা কাপুর ও জাভেদ আলিরও আসার কথা ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।