`সিরিয়া যুদ্ধে নিহতের সংখ্যা সাড়ে চার লাখের বেশি’

সিরিয়ান যুদ্ধে গত পাঁচ বছরে ৪ লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, নিহতদের মধ্যে সরাসরি যুদ্ধে চার লাখ এবং পানি ও স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে ৭০ হাজার।
 
মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আইএস নির্মূল করতে চায় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চায়। তবে রাশিয়া ও ইরান চাইছে আসাদবিরোধীদের উৎখাত।
 
সবপক্ষের এই যুদ্ধে আহত হয়েছে প্রায় ১৯ লাখ মানুষ। ২০১০ সালে সিরিয়ানদের গড় আয়ু ছিল ৭০। পাঁচ বছরে  সেটি নেমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪ বছরে। আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি । রয়টার্স