অমর একুশে বইমেলায় এসেছে চার তরুণ কবির বই ‘সহস্রাব্দের বটতলে’। বাংলার কবিতা প্রকাশন থেকে প্রকাশিত বইটির চার কবি হলেন, আল আমীন, মো. মনিরুল ইসলাম জীবন, মো. তানভীর হোসেন শিহাদ এবং মো. ওয়ালিউল ইসলাম সাকিব। বইটির প্রচ্ছদ করেছেন রাজিব রায়।
চার তরুণের ভিন্ন একটি প্রয়াস এ বই। বইটিতে উদীয়মান চার কবির চিন্তাধারা উঠে এসেছে ভিন্ন ভিন্ন ভাবে। প্রত্যেকের লেখাতেই নিজস্ব স্বকীয়তা লক্ষ্য করার মতই। বই এর প্রতিটি কবিতাতেই উঠে এসেছে সাধারণের অব্যক্ত কথা।
কবি ওয়ালিউল সাকিব বলেন, নামটি শুনেই যেন হাজার হাজার বছরের কথা মনে পড়ে যায়। মনে হয় হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। যেন পুরোনো কথাগুলো জমে আছে ঐ একটি শব্দেই! হাজার বছর ধরে জমতে থাকা বাঙালীর আবেগ নিংড়ে আনা হয়েছে যেন একটি মলাটে।
মধ্যবিত্তের টানাপড়েন, প্রেয়সীর প্রতি আকুলতা, সমাজের অসঙ্গতি, মানবতা সবই উঠে এসেছে তাদের লেখায়। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের ‘বাংলার কবিতাপত্রে’র স্টলে।