তারেককে পদে রাখতে গঠনতন্ত্র সংশোধন করছে বিএনপি

তারেক রহমানকে তার বর্তমান পদে রাখতে দলীয় গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য একটি কমিশনও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির আসন্ন ষষ্ঠ কাউন্সিল সফল করার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন করে একটি প্রস্তুতি কমিটি এবং ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনের জন্য বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় দলের চেয়ারপারসনকে অনুরোধ করা হয়। স্থায়ী কমিটির সদস্যদের সুপারিশের প্রেক্ষিতে দলের চেয়ারপারসন গঠনতন্ত্রের ১৯ (ক) ধারায় প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন। স্থায়ী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষমতাবলে বিএনপির গঠনতন্ত্রে ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ নামে নতুন একটি পদ যুক্ত করা হচ্ছে। দলের চেয়ারপারসন নির্বাচনের সঙ্গে ওই পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বিএনপিতে এতোদিন মৌখিকভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটি থাকলেও তা গঠনতন্ত্রে ছিল না। এই পদটিতে দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
 
মির্জা ফখরুল বলেন, গঠনতন্ত্র অনুযায়ী, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এছাড়া বিএনপির নির্বাহী  কমিটির সদস্য ব্যারিস্টার মো. আমিনুল হককে সদস্য সচিব এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদকে সদস্য করা হয়েছে। নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণাসহ প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।
 
কাউন্সিলের স্থান ও ভেন্যু প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আশা করি, আগামী ১৯ মার্চ আমাদের জাতীয় কাউন্সিল করতে পারব। ভেন্যু হিসেবে আমরা তিনটি জায়গা চেয়েছি। কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আশা করছি, দুই-একদিনের মধ্যে এ সম্পর্কে নিশ্চিত হতে পারব। তিনি আরো বলেন, স্থায়ী কমিটির সভা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরকে একটি গভীর চক্রান্ত বলে মনে করছে।  সভায় এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের  নিন্দা জানিয়ে দেশনেত্রীর বিরুদ্ধে সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
 

সম্মেলনের উপ-কমিটি সমূহ: অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঘোষণাপত্র-গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, শৃঙ্খলা ও সেবা উপ-কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, ব্যবস্থাপনা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, ড্রাফটিং উপ-কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পর্ক উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমান, প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক দলের ভাইস চেয়ারম্যান আবদুল­াহ আল নোমান,  চিকিত্সা সেবা উপ-কমিটির আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দপ্তর ও যোগযোগ উপ-কমিটির আহ্বায়ক দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হয়েছেন দলের সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।