জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টিটিভ মিকি হাতাইদা বলেছেন, জাইকার অর্থায়নে এ এলাকায় অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সব প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। হাওরবাসীকে কর্মসংস্থানের জন্য মৎস্য, চাষ, গবাদিপশু পালন, হাসমুরগি পালনসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে জাইকা।
শুক্রবার সকাল ৯টার দিকে সিবিএআরএমপি প্রকল্পের অধীনে সুনামগঞ্জ সদর উপজেলার তেদালা হুগলিয়া বিল ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামুরা প্রাথমিক বিদ্যালয়-পুরান কান্দিগাঁও সংযোগ সড়ক ও বাহাদুরপুর গ্রামীণ সড়ক পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
পরে হবতপুর গ্রামে এলসিএস সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিকিও হাতাইদা বলেন, ‘আমি সুনামগঞ্জের হাওর এলাকায় প্রথমবার এসেছি। সুনামগঞ্জে জাইকার যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলো মানুষের উপকারে আসবে।’
পরে বাহাদুরপুর গ্রামীণ সড়ক নির্মাণকাজের লভ্যাংশ ৬০ জন এলসিএস সদস্যদের হাতে ৬ লক্ষ ৭ হাজার টাকা তুলে দেন জাইকার এ প্রতিনিধি।
এসময় বক্তব্য রাখেন হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মো. মহসিন আলী, ফখরুল আমীন, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার আনিসুজ্জামান চৌধুরী, ডিজাইন সুপার ভিশন এন্ড মনিটরিংয়ে টিম লিডার ইয়ান বারওয়েল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ।