প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ধানমন্ডি ৩২-এ অবিভক্ত বাংলার প্রথম স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম সৈয়দ নওশের আলীর কন্যা মরহুম কানিজ ফাতেমা মহসিনার বাসভবনে যান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর মাতা মহসিনা (৯২) শুক্রবার সকালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন। প্রধানমন্ত্রী সেখানে মহসিনার লাশ দেখে তার প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে সড়ক ও জনপথ বিভাগের প্রথম চিফ ইঞ্জিনিয়ার মরহুম হাতেম আলী খানের স্ত্রী মহসিনা দুই পুত্র হায়দার আকবর খান রনো ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান ঝুনোসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মহসিনা বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃত কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।