পরিবেশ বিপর্যয় রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণির পাঠ্যসূচিতে পরিবেশ সংরক্ষণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই এর সুফল পাওয়া যাচ্ছে। 
 
শুক্রবার রাজধানীর নটরডেম কলেজে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নেচার সামিট উদ্বোধনকালে তিনি একথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয় কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় প্রয়োজন আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ। 
 
তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন দেশের অংশগ্রহণে নটরডেম কলেজ আয়োজিত এ নেচার সামিট এ ক্ষেত্রে ভূমিকা রাখবে। 
 
নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়ুস রোজারিওর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও সামিটের সমন্বয়ক বিপ্লব কুমার দেব।
 
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক নেচার সামিটে বাংলাদেশসহ ৪১টি দেশ অংশগ্রহণ করছে। এতে জার্মানি, ইউক্রেন, ভারত, নেপাল, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের ৬৬ জন প্রতিনিধি নিচ্ছেন।