স্মার্টফোন বাজারে খুব একটা পরিচিতি নেই প্যানাসনিকের। তবুও এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি ইলেকট্রনিক পণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান। কিছুদিন আগে প্রতিষ্ঠানটি ইলুগা মার্ক ও ইলুগা টার্বো নামের দুটি স্মার্টফোন আনে। খুব একটা সাড়া ফেলতে পারেনি এই ডিভাইস দুটি। তবে প্যানাসনিকের উপস্থিতি জানান দিয়েছে।
আর এতেই অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানটি এবার ‘পি৬৬’ নামের একটি স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৮ ডলার।
বিকাশমান স্মার্টফোনের বাজারে ‘পি৬৬’ প্যানাসনিককে প্রতিদ্বন্দ্বিতায় ফেরাবে বলে আশা বিশ্লেষকদের।
এতে ১২৮০–৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক এ স্মার্টফোনে ডুয়াল সিম ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর।
২ গিগাবাইট র্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ছবি তোলা ও ভিডিও করার জন্য ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনটিতে ৩২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে। টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি এটি ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।