টাচ সমর্থিত কভার এলজির জি৫ স্মার্টফোনে

প্রযুক্তিতে চলছে বাঁক বদলের খেলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার যুক্ত হচ্ছে স্মার্টফোনে। কনফিগারেশন হচ্ছে উন্নত থেকে উন্নততর। এরই ধারাবাহিকতায় পরিবর্তনের হাওয়া লেগেছে টাচ প্রযুক্তিতেও।
 
সম্প্রতি নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘এলজি জি৫’ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি। এতে অভিনব এক ফিচার রয়েছে, যার সাহায্যে ডিসপ্লে সবসময় অন রাখা যায়। শুধু তাই নয়, ফোনটিতে রয়েছে কুইক কভার কেইস, যা দিয়ে কেইসের ওপরের কভার থেকেই কল গ্রহণ বা বর্জন করা যাবে।
 
এখানেই শেষ নয়, এই কভারের সাহায্যে মোবাইলের অ্যালার্মও নিয়ন্ত্রণ করা যাবে।
 
অ্যানগ্যাজেট জানিয়েছে, এই কুইক কভার কেইসের ওপরের অংশে একটি ছোট উইন্ডো আছে। যেখানে সময়, মিসড কল, ম্যাসেজ, ইমেইল অ্যালার্টসহ আরও কিছু ফিচার থাকবে এবং এই ডিসপ্লেটি কখনো অফ হবে না।
 
২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহোৎসব। আর এখানেই এলজির এই মোবাইল ফ্লিপ কভারটি প্রদর্শন করা হবে।