পাকিস্তানি জেলায় ভ্যালেন্টাইন ডে উদযাপন নিষিদ্ধ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে। স্থানীয় সরকার পুলিশ কর্মকর্তাদের দোকান থেকে ভ্যালেন্টাইন ডে উদযাপনের কার্ড ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। 
 
কোহাট শহর ধর্মীয় রাজনৈতিক দলের নিয়ন্ত্রনাধীন। ভ্যালেন্টাইন ডে পাকিস্তানের অনেকগুলো শহরে জনপ্রিয় কিন্তু ধর্মীয় দলগুলো ভালোবাসা দিবস উদযাপনের প্রতি নিন্দাজ্ঞাপন করে। কোহাট জেলার প্রশাসক মাওলানা নিয়াজ মোহাম্মদ বিবিসি উর্দুকে বলেন, ভ্যালেন্টাইন ডে উদযাপনের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি আমাদের ধর্মের পরিপন্থী। তাই এটি নিষিদ্ধ করা হয়েছে। কার্ড ও ফুল আদান প্রদান খারাপ বিষয় না হলেও একটি নির্দিষ্ট দিনে এটি করাটা ঠিক নয়। এবং এটি অশ্লীলতা উস্কে দেয় বলে মনে করেন তিনি।
 
কোহাট জেলায় ৩০ টির মতো কার্ড ও ফুলের দোকান রয়েছে। তবে এদের কারো বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে নিজস্ব সংবাদদাতার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এর আগে গত সপ্তাহে জানা গিয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভ্যালেন্টাইন ডে উদযাপন নিষিদ্ধ করেছিল। তবে দেশটির সরকার সেই কথা অস্বীকার করেছে। 
 
পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠী এর আগে ভ্যালেন্টাইন ডে-কে অশ্লীল আখ্যা উদযাপনের বিরোধিতা করেছে। ২০১৩ সালে মানবাধিকার কর্মী সাবিন মাহমুদ ভ্যালেন্টাইন ডে উদযাপনের লক্ষ্যে একটি প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু হুমকির মধ্যে তিনি পালিয়ে যান। ২০১৫ সালে এই নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়। বিবিসি।