অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা: আইজিপি

 
পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্য বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
 
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সফিক উল্লাহর ‘এক পুলিশের ডায়েরি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহীন রেজা এবং সাবেক ছাত্র নেতা মনোয়ারুল হক।
 
আইজিপি বলেন, ‘তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে, প্রাথমিকভাবে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

খবর বাসসের।