ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সফররত ইউরোপিয়ান ইউনিয়নের এক সদস্য। ইইউ পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান রিচার্ড হোউয়িট বলেন, ‘আমরা বিশ্বাস করি এর ফলে মধ্যপ্রাচ্যে স্থগিত থাকা শান্তি প্রক্রিয়া যথেষ্ট গতি লাভ করবে।’
বাংলাদেশ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন চিন্তারভাবনার ব্যাপারে আমরা খোলামেলা। নতুন নতুন ধারনা যে শুধু আমাদের দিক থেকেই আসতে হবে এমন কোন প্রয়োজন নাই।
জিএসপি’র মতো বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে, তাই বাণিজ্য পরিচালনা সংক্রান্ত অবকাঠামোগুলোও হবে ভিন্ন। জিএসপি’র পরিবর্তে জিএসপি-প্লাস, যা তুলনামূলকভাবে ভালো’।
কলকারখানায়, বিশেষত তৈরি পোশাক খাতে শ্রম মান এবং নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, এটা অবশ্যই আমাদের ভোক্তা ও ট্রেড ইউনিয়নগুলোর কাছে গভীর উদ্বেগের বিষয়। পাশাপাশি, এই খাতে চলমান সংস্কার ও সাফল্য অন্যান্য উন্নয়নশীল বিশ্বে অন্যান্য বাণিজ্য চুক্তির জন্য অনুকরণীয় হতে পারে।
যুক্তরাজ্যে বাংলাদেশীদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা সমস্যা সম্পর্কে তিনি বলেন, তাঁর দল, লেবার পার্টি, নয়াদিল্লী থেকে ভিসা ইস্যু করার বিষয়টির সমালোচনা করেছিল।‘আমরা ঢাকা থেকে ভিসা ইস্যু করার পক্ষে’ বলে তিনি উল্লেখ করেন। বাসস