ফের স্নায়ুযুদ্ধে প্রবেশ করছে পৃথিবী: রুশ প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক টানাপোড়েন পৃথিবীকে নতুন স্নায়ুযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ইউক্রেনে বিদ্রোহীদের ও সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সহায়তা করছে এক সময়ের পরাশক্তি রাশিয়া।
 
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে মেদভেদেভ বলেন, বৈরি নীতি ছাড়া রাশিয়াকে দেয়ার মতো কিছুই নেই ন্যাটোর। আমরা এটা স্পষ্ট দেখতে পাই, স্নায়ুযুদ্ধের নতুন পর্বে প্রবেশ করেছি আমরা। প্রতিদিনই ন্যাটো, যুক্তরাষ্ট্র বা ইউরোপ আমাদের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ করছে।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার টানাপোড়েন স্নায়ুযুদ্ধ হিসেবে পরিচিত। ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০'র দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মিত্র ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র, যেমন বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি ও রোমানিয়া। সূত্র: এপি