ভারতের প্রতি নতজানু নীতির কারণে সরকার সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুত্ প্রকল্পসহ একের পর এক দেশবিরোধী চুক্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সুন্দরবন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সুন্দরবন ভারতের মধ্যেও আছে। তবে ভারত সরকার তাদের জনগণের বিরোধিতার কারণে ওই বন সংলগ্ন এলাকায় বিদ্যুত্ প্রকল্প করতে পারেনি।
এ দেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী মামলা হয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিলিয়ে দিয়েছে বলেই ওই দেশটির শক্তিতে বর্তমান সরকার বিশ্বের আর কোনো দেশকে তোয়াক্কা করে না।