বর্ণিল আয়োজনে চারুকলায় বসন্তবরণ

জীবনের সব না পাওয়াকে সরিয়ে ফাগুনের রঙ্গিন প্রকাশ ছিল শনিবার সারাদিন। পুরো রাজধানী জুড়েই চোখে পড়েছে ফাগুনের রং। পোশাকে, সাজসজ্জা ও অনুষ্ঠানে উচ্চকিত ফাগুন। মানুষ মাতে রং এর ভুবনে।
 
রবিবার পহেলা ফাল্গুন ১৪২২, বসন্তের এই প্রথম দিনে আনন্দের বিশেষ আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের বকুলতলায়।
 
ভোর বেলাতেই এখানে এসেছেন নগরবাসী। হলুদ শাড়ি, খোঁপায় হলুদ ও সাদা ফুলের মালা ও তোড়া নিয়ে সব বয়সী নারীরা উপভোগ করেছেন বসন্তের আবহ। বাসন্তি সাজে দেখা গেছে পুরুষদেরও। হলুদ-লাল ও উজ্জ্বল রঙের পাঞ্জাবি পরে  আনন্দে মেতেছেন তারাও। শিশুদের সরল আনন্দ মুগ্ধ করেছে বিষণ্ণ হৃদয়কে।
IMG0
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব ১৪২২।
 
সকাল ৭টায় শিল্পী মতিহারের এসরাজ বাদনের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত বরণের প্রথম পর্ব। এ পর্বের অনুষ্ঠান সূচিতে ছিল বসন্ত কথনপর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, পাঠ, আদিবাসীদের পরিবেশনা ছাড়াও ছিল শিশু-কিশোরদের পরিবেশনা। সাথে ছিল নৃত্য  শিল্পীদের নৃত্য পরিবেশন।
IMG1
সকাল ১০টা ২০ মিনিটে চারুকলার বকুলতলা থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি ‘এসো মিলি প্রাণের উৎসব’। র‍্যালিটি টিএসসি হয়ে আবার বকুল তলায় গিয়ে শেষ হয়। সকাল ১১টা পর্যন্ত চলে এ পর্বের অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে ছিল বসন্ত উদযাপনের দ্বিতীয় পর্ব। চলে রাত পর্যন্ত।