তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়া ১৭তলা ভবনের উদ্ধার কাজ শেষ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার উদ্ধার কাজ শেষে নিহতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তুপ থেকে মোট ২৮৯ জনকে উদ্ধার করা হয়।
তাইনানের মেয়র উইলিয়াম লাই স্থানীয় টেলিভিশন চ্যনেলে বলেন, “আজ (শনিবার) তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।”
নিহতদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই ধসে পড়া ১৭তলা ভবনের বাসিন্দা ছিলেন। ভবনের ধ্বংসস্তুপ থেকে সর্বশেষ যে মৃতদেহটি উদ্ধার করা হয় সেটি ভবনের ব্যবস্থাপণা কমিটির সদস্য সিয়েহ চেন-ইইউর।
নগর কর্মকর্তারা বলেন, এখনও যারা নিখোঁজ আছেন তারা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে।
৬ ফেব্রুয়ারি ভোরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানের তাইনান শহরের উইন-গুয়ান গোল্ডেন ড্রাগন কমপ্লেক্স নামের বহুতল ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ওই ভবনটিতে ২৫৬ জন বসবাস করত বলে খবর প্রকাশ হয়।
জীবিত উদ্ধার ১৭৫ জনের মধ্যে ৯৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মেয়র লি। ৮ ফেব্রুয়ারি বিকালের পর আর কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি। এখনও ১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ভবনটি ধসে পড়ার কারণ নিয়ে তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।