নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩০

বোকো হারাম জঙ্গিদের হামলায় নাইজেরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। 
 
স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি ও এএফপি জানায় কুখ্যাত এই জঙ্গি সংগঠন শুক্রবার রাতে বোর্নো প্রদেশের কাচিফা গ্রামে মোটর সাইকেল ও মিলিটারি ভ্যানে করে আক্রমণ করে। সেখানে তারা আটজনকে হত্যা করে পরেরদিন শনিবার সকালে পার্শ্ববর্তী ইয়াকশারি গ্রামে গিয়ে ২২ জনকে জবাই করে হত্যা করে।
 
গত ৩০ জানুয়ারি বোকো হারাম একটি গ্রামে ৮৫ জনকে হত্যা করে। এরপর গত ৯ তারিখ বোকো হারামের নৃশংসতায় বাস্তুচ্যুতদের জন্য একটি শিবিরে হামলা করে ৫৮ জনকে হত্যা করে তারা।
 
এএফপির হিসেবে ২০১৫ সালের মে মাসে ক্ষমতায় আরোহণের পরে এখন পর্যন্ত বোকো হারামের হাতে ১৬৫০ জন নিহত হয়েছে। ২০০৯ সালে জঙ্গি কার্যক্রম শুরু করার পরে এখন পর্যন্ত ১৭ হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি। আরো ২৬ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে তারা। জঙ্গি সংগঠনটি ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামিক স্টেট এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে। প্রেস টিভি ও এএফপি।