পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন ভ্যালেন্টাইন দিবস উদযাপনের নিন্দা করেছেন। তার মতে এই পশ্চিমা সংস্কৃতি মুসলিম বিশ্বাসের সাংঘর্ষিক।
দেশটির রাজধানী ইসলামাবাদে শুক্রবার একটি অনুষ্ঠানে বলেন, ভ্যালেন্টাইন ডের সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এবং এটি এড়িয়ে চলা উচিত। ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইতিমধ্যে এই দিবসের উদযাপন আমাদের প্রতিবেশী দেশে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ভ্যালেন্টাইন ডে পাকিস্তানের অনেকগুলো শহরে জনপ্রিয় কিন্তু ধর্মীয় দলগুলো ভালোবাসা দিবস উদযাপনের প্রতি নিন্দাজ্ঞাপন করে। এর আগে পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় ভ্যালেন্টাইন দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়। কোহাট জেলার প্রশাসক মাওলানা নিয়াজ মোহাম্মদ বিবিসি উর্দুকে বলেন, ভ্যালেন্টাইন ডে উদযাপনের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি আমাদের ধর্মের পরিপন্থী। তাই এটি নিষিদ্ধ করা হয়েছে। কার্ড ও ফুল আদান প্রদান খারাপ বিষয় না হলেও একটি নির্দিষ্ট দিনে এটি করাটা ঠিক নয়। এবং এটি অশ্লীলতা উস্কে দেয় বলে মনে করেন তিনি।
IMG0
পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠী এর আগে ভ্যালেন্টাইন ডে-কে অশ্লীল আখ্যা উদযাপনের বিরোধিতা করেছে। ২০১৩ সালে মানবাধিকার কর্মী সাবিন মাহমুদ ভ্যালেন্টাইন ডে উদযাপনের লক্ষ্যে একটি প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু হুমকির মধ্যে তিনি পালিয়ে যান। ২০১৫ সালে এই নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়। বিবিসি।