১৫ মার্চ আসছে নতুন আইফোন ও আইপ্যাড

১৫ মার্চে আসছে নতুন আইফোন ‘আইফোন ৫এসই’। শুধু নতুন আইফোনই নয়, ওই সময় নতুন আইপ্যাড ও স্মার্টওয়াচ উন্মুক্ত করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
 
নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে অ্যাপল পণ্য-বিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাক। সাইটিতে আরও বলা হয়েছে, উন্মোচনের পর পরই ১৮ মার্চ থেকে ডিভাইসগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
 
প্রতি বছরের শেষের দিকে নতুন আইফোন নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাসের পর বাজারে আসবে আইফোন ৬সি। আইফোনের এই সংস্করণের ডিসপ্লে হবে কিছুটা ছোট, এমন তথ্যও প্রকাশ করেছিল প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো।
 
তবে এবার ভিন্ন তথ্য দিল ৯টু৫ ম্যাক। এক প্রতিবেদনে ৯টু৫ ম্যাক জানিয়েছে, আইফোন ৬সি আসছে না। এর পরিবর্তে নতুন যে আইফোনের দেখা মিলবে, তা হবে আইফোন ৫এস-এর আপগ্রেডেড সংস্করণ। ২০১৩ সালে এই সংস্করণটি বাজারে ছেড়েছিল অ্যাপল।
 
ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সংস্করণের নাম হবে আইফোন ৫এসই। ‘এসই’ দিয়ে মূলত ‘স্পেশাল এডিশন’ বোঝানো হয়েছে।
 
নতুন এই সংস্করণটি দেখতেও অনেকটা আইফোন ৫এস-এর মতোই হতে পারে। তবে পার্থক্য থাকবে কেবল বিভিন্ন হার্ডওয়্যার এবং ফিচারে। এর আগে বাজারে আসা আইফোন ৬ এবং ৬এস-এর সাথে সামঞ্জস্য রাখতে কাছাকাছি বিভিন্ন ফিচার থাকবে এই সংস্করণে। এর মধ্যে একটি হলো ডিসপ্লের পরিবর্তন। এই সংস্করণটিতে ব্যবহার করা হতে পারে কার্ভড গ্লাস।
 
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে এতে। আইফোন ৬ এর মতো ৫এসই’তেও ব্যবহার করা হতে পারে এ৮ এবং এম৮ চিপ। এছাড়া অ্যাপল পে’র সুবিধা পেতে এনএফসি চিপও ব্যবহার করা হতে পারে এই সংস্করণে। অ্যাপল লাইভ ফটোজের সুবিধা থাকলে এই ফোনটিতে থাকবে না থ্রিডি টাচ।
 
সূত্রের খবরে প্রকাশ, ১৫ মার্চ নতুন আইপ্যাড ‘এয়ার ৩’ও উন্মোচন করা হবে। ২০১৪ সালে ১০ ইঞ্চি স্ক্রিনের ‘আইপ্যাড এয়ার ২’ এবং ২০১৫ সালে ১২ ইঞ্চি ‘আইপ্যাড প্রো’ ট্যাবলেট বাজারে আনে অ্যাপল। ওই ডিভাইস দুটির গ্রাহকপ্রিয়তা পাওয়ায় আনা হচ্ছে আইপ্যাড এয়ার ৩।
 
‘আইপ্যাড এয়ার ৩’-এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে আগের আইপ্যাডগুলোর মতোই এ৯এক্স এসওসি থাকবে। ২ জিবি র‍্যামের ডিভাইসটির ক্যামেরাতে কিছু উন্নতি সাধন হতে পারে।
 
সূত্রের খবরে আরও বলা হয়েছে, নতুন অ্যাপল ওয়াচের ডিজাইন এবং হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এতে যোগ হচ্ছে ফেস টাইম ক্যামেরা, উন্নত প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।
 
এ ছাড়া ওয়াচ অপারেটিং সিস্টেম ২.২-এর সফটওয়্যারের আপডেট ছাড়া হতে পারে মার্চে। কিছুদিন আগে ডেভেলপারদের জন্য এটি উম্মুক্ত করা হয়েছে।