নজরকাড়া ডিজাইনে ফিরল হুয়াওয়ে অনার হলি২

স্মার্টফোন বাজারে সময়টা ভালোই যাচ্ছে হুয়াওয়ের। গত বছর ১০ কোটিরও বেশি ফোন বিক্রি করেছে চীনা হ্যান্ডসেট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।
 
প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় প্রায় অর্ধেক দামের স্মার্টফোনে উন্নত কনফিগারেশন দেয়ায় এই বিপুল পরিমাণ ডিভাইস বিক্রি করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। চলতি বছরও এই ধারা অব্যাহত রাখতে চায় বিকাশমান বাজারে বিপুল জনপ্রিয় এই ব্র্যান্ড।
 
বিপুল গ্রাহক চাহিদার কারণে কিছু দিন পর পর নতুন স্মার্টফোন এনে বাজার মাতিয়ে রেখেছে চীনের এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার অনার হলি২ প্লাস নামের একটি ফোন উন্মোচন করেছে।
 
ডিভাইসটি আগামীকাল সোমবার থেকে ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে বিক্রি শুরু হবে। ভারতে অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে ডিভাইসটির ক্রয়াদেশ দেয়া যাবে। ভারতের বাজারের জন্য বিশেষভাবে নকশা করা এই ফোন কিনতে খরচ পড়বে ১২৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৮৫৫ টাকা।
 
স্মার্টফোনটিতে ৭২০–১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ৬৪-বিটের দ্রুত কাজ সম্পাদনে সক্ষম প্রসেসর ব্যবহার করা হয়েছে। ২ গিগাবাইট র‍্যামের ফোনটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
 
ডিভাইসটি টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি মাইক্রো বি-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস সমর্থন করবে।
 
এতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ পেতে সাহায্য করবে।