ইকরাম কবীরের প্রথম উপন্যাস ‘এক দুষ্টু ক্যাডেটের গল্প’

বইমেলায় প্রকাশিত হয়েছে ইকরাম কবীরের প্রথম উপন্যাস ‘এক দুষ্টু ক্যাডেটের গল্প’। দেশের ক্যাডেট কলেজগুলোর একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে লিখেছেন ইকরাম কবীর।

এ বিষয়ে তিনি বলেন, ‘এক দুষ্টু ক্যাডেটের গল্প’ আসলে একটি ‘খারাপ’ ক্যাডেটের গল্প। বারো বছরের ছেলে, একবুক স্বপ্ন নিয়ে ক্যাডেট কলেজে পড়াশোনা শুরু করার পর কিভাবে পরিবেশ-পরিস্থিতির কারণে ‘খারাপ’ ক্যাডেট হয়ে যায়, এটি তারই গল্প। তারপর ছ’বছরে সে আর ‘ভালো ক্যাডেট’ হতেই পারে না। তবে সে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেই সব ধরনের শিক্ষা লাভ করে তার ক্যাডেট কলেজের প্রতি কৃতজ্ঞতা জানায়।

লেখক নিজেও ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন এবং ক্যাডেট কলেজ শিক্ষার নানা দিক তার এই উপন্যাসে তুলে ধরেছেন। উপন্যাসটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন এবং মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা। তবে অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। প্রচ্ছদ করেছেন সোহেল আমান।