ভালোবাসায় বর্ণিল সাদা কাগজে কালো অক্ষর

ভালোবাসার স্পর্শে বর্ণিল হয়ে উঠেছিল অমর একুশে বইমেলা। তরুণ-তরুণীরা হাত ধরে বললো ‘ভালোবাসি’। গোলাপ ছিল কারো হাতে, ফুলের পবিত্রতায় তারা একে অপরকে জানিয়েছে ভালোবাসার কথা। গতকাল রবিবার বিশ্ব ভালোবাসা দিবসের জোয়ারে ভেসে অনেকেই এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে। শুধু বইমেলা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, প্রতিটি রাস্তায় লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরে ঘুরে বেরিয়েছেন অনেকেই। বইমেলা প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল তাদের মিলনস্থল। লাল গোলাপের সাথে নতুন বই তুলে দিয়ে প্রিয়জনকে অনেকেই করেছেন প্রেম নিবেদন।
 
দ্বিতীয় দিনের মতো মেলায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘রঙিন ফুল’ ও ‘নীলপরী’ নামে দুটি স্টলে পাইরেটেড বই উদ্ধার করা হয়েছে। তাদের স্টল সোমবার থেকে বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন টাস্কফোর্সের প্রধান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান।
 
‘সিডনির পথে পথে’ প্রকাশনা উৎসব
গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে বিরূপাক্ষ পালের ‘সিডনির পথে পথে’র প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। যাতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বইটি নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পূরবী বসু ও শিশুসাহিত্যিক আলী ইমাম। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ‘অন্যপ্রকাশের’ প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। নিজের বই নিয়ে কথা বলেন বিরূপাক্ষ পাল।
 
অর্থমন্ত্রী বলেন, বিরূপাক্ষ পাল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া- দুই দেশের বৈপরীত্য তুলে ধরেছেন। খুবই সহজ ভাষায় তিনি লিখেছেন। যার ফলে পাঠক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে।  ‘কুতর্কে বিতর্কে গণমাধ্যম’
 
গতকাল বাংলা একাডেমির সেমিনার কক্ষে সাংবাদিক সামিয়া রহমান সম্পাদিত ‘কুতর্কে বির্তকে গণমাধ্যম’র প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, কাজী মাহমুদুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন প্রকাশক শ্রাবণ প্রকাশনের স্বত্বাধিকারী রবিন আহসান।
 
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বিকাশ ও প্রসারে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণতন্ত্রে বিশ্বাস করলে গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করতে হবে। গণতন্ত্র বিনির্মাণে রাজনীতিকদের ভূমিকা কখনও শক্তিশালী, কখনও দুর্বল। কিন্তু গণমাধ্যম সবসময় শক্তিশালী।
 
ডিএমপি কমিশনারের মেলা দর্শন
রবিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শনে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখেন। মেলায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মেলার সার্বিক নিরাপত্তা বিষয়ে কথা বলেন।
 
‘একাত্তরের শহীদ সবুর’
বলাকা থেকে প্রকাশিত হয়েছে লেখক রশীদ এনামের ‘একাত্তরের শহীদ সবুর’ বইটি। রবিবার বিকালে বাংলা একাডেমির ‘নজরুল মঞ্চে’ বইটির মোড়ক উন্মোচন করেন চিত্রশিল্পী সবিহ-উল-আলম, ছড়াকার সুজন বড়ুয়া, রহিম শাহ, শরীফা বুলবুল প্রমুখ।
 
মেলামঞ্চের আয়োজন
গতকাল মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা : অতীত থেকে বর্তমান’ আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক করুণাময় গোস্বামী, রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম মুরশিদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সৈয়দ হাসান ইমাম, সায়েরা হাবীব এবং এএসএম সামিউল ইসলাম। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তার দল। সংগীত পরিবেশন করেন খুরশিদ আলম, মাসুদা নার্গিস আনাম, নাসিমা শাহীন ফ্যান্সি, শরণ বড়ুয়া, স্বর্ণময়ী মণ্ডল, দেবাশীষ বসাক, নাহিদ নাজিয়া ও সাহিনা।
 
নতুন বই
গ্রন্থমেলার ১৪তম দিনে রবিবার মেলায় নতুন বই এসেছে ৯৩টি। উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘সেরা দশ গল্প’, একই প্রকাশনী থেকে নাসরীন জাহানের ‘সেরা দশ গল্প’, রোদেলা প্রকাশনী থেকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ‘ইংরেজি সাহিত্যের কয়েকটি দিক’, আব্দুল মান্নান সৈয়দের ‘নজরুল ইসলাম : কবি ও কবিতা’, ঐতিহ্য থেকে মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস অনূদিত ‘বাবরনামা’, কায়জার চৌধুরীর ‘ভুলু সর্দারের চিঠি’, তুষার আব্দুল্লাহ ‘তোমাকে পাঠ করিব’, বাতিঘর থেকে প্রকাশিত স্বরূপ সুপান্থের কাব্যগ্রন্থ ‘জলকামানের বই’, চৈতন্য থেকে প্রকাশিত রিমঝিম আহমেদের ‘লিলিথের ডানা’, বলাকা থেকে প্রকাশিত জামাল উদ্দিনের ‘বাংলা আমার মা’, শ্রী চিন্ময়ের ‘প্রেমালোক’, শাশ্বত টিটুর ‘মেঘের অনেক রং’ প্রভৃতি।
 
আজকের আয়োজন
আজ সোমবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে জীবনানন্দ দাশ চর্চা’ আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হায়াত্ মামুদ। আলোচনায় কবি রুবী রহমান, কবি মুহাম্মদ সামাদ, প্রভাত কুমার দাস, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও কবি পিয়াস মজিদ। সভাপতিত্ব করবেন আহমদ রফিক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।